চুয়াডাঙ্গায় ভয়ঙ্কর নুরুজ্জামান লাল্টুর বিরুদ্ধে আবারও মামলা

আপলোড তারিখঃ 2024-08-17 ইং
চুয়াডাঙ্গায় ভয়ঙ্কর নুরুজ্জামান লাল্টুর বিরুদ্ধে আবারও মামলা ছবির ক্যাপশন:

এক সময়ের আতঙ্কের নাম নুরুজ্জামান লাল্টুর বিরুদ্ধে আবারও দোকান ভাঙচুরসহ লুটপাটের ঘটনায় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় দুটি পৃথক মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন আলমডাঙ্গা উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল্লাহ আল ফারুক। এবং সংবাদটি লেখা পর্যন্ত আলমডাঙ্গা থানায় আরেকটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান ছিল বলে জানা গেছে। এছাড়া গতকাল শুক্রবার দুপুরেই লাল্টুকে সেনাবাহিনী আটক করেছে বলেও বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়। রাতেই তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর থানার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারের রাজিব বস্ত্রালয়ের মালিক আব্দুল্লাহ আল ফারুক। গত ৫ আগস্ট রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেরে মধ্যে নুরুজ্জামান লাল্টুসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আব্দুল্লাহ আল ফারুকের ওপর হামলা করেন। এসময় ফারুক দৌঁড়ে পালিয়ে যান। পরে লাল্টুসহ তার লোকজন ভালাইপুর মোড়ে ফারুকের দোকানে হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
ফারুক তার অভিযোগে উল্লেখ করেন, লাল্টু ও তার লোকজন দোকান ভেঙ্গে ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই সাথে দোকানে থাকা ২২ লাখ টাকার মালামালে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কেউ বক্তব্য দিতে রাজি হননি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, লাল্টুকে সেনাবাহিনী আটক করেছে। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আলমডাঙ্গা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন। সেনাবাহিনী রাতেই তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করবে। এছাড়াও শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রেকর্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)