আলমডাঙ্গার মুন্সিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত

আপলোড তারিখঃ 2024-07-31 ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে জ্বালানি তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই বগিটি লাইনচ্যুত হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি (জ্বালানিবাহী ট্যাংকার) উদ্ধার করে পাশের লাইনে রাখা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পাকশী বিভাগ।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। মোমিনপুর-মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগির জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেলট্র্যাক থেকে লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে। পরে ওই লাইনে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশন মাস্টার আরও জানান, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিজিবি প্রহরায় শুধুমাত্র মালবাহী ট্রেন যাওয়া-আসা করছে। এ জন্য মালবাহী বগিটি লাইনচ্যুত হলেও জনভোগান্তি সৃষ্টি হয়নি।

পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাড়ে চার ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করে রেলপথ সচল করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনেয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর প্রকৃত কারণ বলা যাবে।

এদিকে, ঘটনার পর সেখানে পৌঁছায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা। তাদের সাথে যোগ দেয় ট্রেনের প্রহরার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা। উদ্ধার কাজ চলাকালে দুর্ঘটনাকবলিত স্থানে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষদের যেতে বাধা প্রদান করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে। বেলা ২টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে রিলিফ ট্রেন। উদ্ধার ট্রেনের জ্বালানি ট্যাংকারটি জিআরপি পুলিশের পাহারায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)