ঝিনাইদহে কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

আপলোড তারিখঃ 2024-07-17 ইং
ঝিনাইদহে কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ছবির ক্যাপশন:


ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলমেট পরে এই হামলা চালানো হয়। হামলায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জের মাহিন, স্টেডিয়ামপাড়ার শারমিন সুলতানা, সাথি খাতুন, আবু হুরাইরা, এলমা খাতুন, সাইদুর রহমান, রিহান ও আবু সাইদের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে মাহিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শারমিন সুলতানা বলেন, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করার জন্য তারা শহরের উজির আলী স্কুলমাঠে জড়ো হতে থাকেন। এসময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি-সোটা নিয়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠি ও লোহার রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। এসময় ভাঙচুর করে মাইক। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল করতে করতে শহরে চলে আসে। হামলায় তাদের ১২ জন শিক্ষার্থী আহত হন বলে তারা দাবি করেন। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

``

আহত আরেক শিক্ষার্থী ও কোটা আন্দোলনের মুখপাত্র মাহিন অভিযোগ করেন, পুলিশ প্রহরায় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালালেও পুলিশ তাদের কিছুই বলেনি। বরং তাদের সহায়তা করেছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আল ইমরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

পুলিশের বক্তব্য জানতে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয়। সেময় ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এরপরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)