ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাকল ও পথচারী গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডের নিকট এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়ার মৃত সানোয়ার মল্লিকের ছেলে চুয়াডাঙ্গা বিএডিসির শ্রমিক মুন্নাব মিস্ত্রী (৫০) ও দৌলতদিয়ার মাঝেরপাড়ার সিদ্দীকের ছেলে বাধন (১৮)। গতকাল রাতেই কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করছে।
জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে বাধন মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে দৌলতদিয়াড়ে যাচ্ছিল। দৌলতদিয়াড়ে বাসস্ট্যান্ডের সামনে পৌছালে বাস্তা পারাপারের সময় মুন্নাবকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক বাধন ও মুন্নাব মিস্ত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, মুন্নাব ও বাধনের অবস্থা আশংকাজনক। মুন্নাবের বুকে আঘাত লেগেছে এবং তার হার্টের সমস্যা থাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আর বাধনের মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লেগেছে এবং রক্ত বমি হওয়ায় তাকেও উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্নাব ও বাধনকে রাজশাহী নেওয়ার প্রক্রিয়া চলছিল।
