ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার দুঃস্থ ও অসহায়দের মাঝে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগরের ২০২৩-২৪ অর্থবছরের ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দকৃত অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলার ৪৪ জনকে তিনি অর্থসহায়তা করেন।
এসময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৩-২৪ অর্থবছরে ঐচ্ছিক তহবিল হতে দুস্থদের মাঝে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হচ্ছে। ইচ্ছে করলে এই অর্থ অন্য কাজেও ব্যবহার করা যেত। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চেয়েছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ৪৪ জন অসহায় পরিবারের মাঝে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের চেক প্রদান করা হলো।
টগর আরও বলেন, বিগত দিনে যারা ধর্ম নিয়ে ব্যাবসা করেছে অর্থাৎ বিএনপি-জামায়াত কোন দিন কোনো মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে কোনো টাকা পয়সা দান করেনি। ১৬ বছরে কেউ কোনো দিন বললোনা যে মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে উন্নয়নের জন্য জামায়াত-বিএনপি টাকা দিয়েছে। কোনো দিন দেয়নি। অথচ জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে কোটি কোটি টাকা ব্যয়ে মসজিদ-মাদ্রাসা ও মন্দির নির্মাণ করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সব সময় তৃণমূলের জনগণের কথা চিন্তা করে কাজ করেন। তিনি চান দেশের মানুষ যেন ভালো থাকেন। দেশের মানুষ ভালো থাকলেই তিনি ভালো থাকবেন। পরিশেষে এমপি টগর জননেত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলকে দোয়া করতে বলেন এবং প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবির ইউসুফ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. মামুনুর রশীদ প্রমুখ।

জীবননগর:
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ঐচ্ছিক তহবিল থেকে জীবননগরে ৪০ জনকে অনুদান দিয়েছেন। গতকাল রোববার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি তাদের সর্বমোট এক লাখ টাকা অনুদান হিসেবে দেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে টগর বলেন, এই ঐচ্ছিক তহবিল অনেক আগে থেকেই কিন্তু ছিল, কিন্তু আগে এভাবে প্রকাশ্যে দিতে দেখিনি। হয়তো গোপনে দিয়েছে। এমপি টগর বলেন, এটা কিন্তু আমার ঐচ্ছিক তহবিল। আমি যাকে ইচ্ছা দিতে পারি। কিন্তু আমি ইউনিয়ন পর্যায়ের নেতাদের বলি যারা এ টাকা পাওয়ার যোগ্য তাদের তালিকা দিতে। আমি তাদের টাকা দেব।
আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১০০ টাকা করে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছিল তখন মানুষ হেসেছিস। এখন কিন্তু সেটি বেড়ে ৬০০ টাকা হয়েছে। আগে ১০০ টাকার অনেক মূল্য ছিল। বয়স্ক মা যখন আত্মীয় বাড়িতে যেত তখন ভাড়ার ৫ টাকা থাকত না। পান কেনার টাকা থাকত না। সেটি কিন্তু তখন তাদের অনেকে কাজে এসেছিল। এখন তিন মাস পর পর ১ হাজার ৮০০ টাকা করে পান। যখন টাকা হাতে পান তখন কিন্তু মুখে আনন্দের হাসি ফোটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান প্রমুখ।
