ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে রাস্তায় বাঁশ ফেলে তিন মোটরসাইকেল চালককে মারধরের পর মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেন দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলাম, কুতুবপুর গ্রামের আয়ুব আলী মোল্লার ছেলে জুবায়ের (৩০) ও মৃত কলিম উদ্দীনের ছেলে বশির আহমেদ (৪৫)।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম জানান, সীমান্তবর্তী পিরপুরকুল্লা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন তিনি। তিনি কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কের খ্রিষ্টান কবরস্থান ও গালকাটি নামক স্থানের মাঝামাঝি পৌঁছালে ছয়-সাত জন রাস্তায় বাঁশ ফেলে তার গতিরোধ করেন। পরে রাস্তার পাশের একটি আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় তার সঙ্গে থাকা নগদ ১৫০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নের। কিছুক্ষণের মধ্যে জুবায়ের ও আহমেদ মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছালে তাদেরও বেঁধে আমবাগানের ভেতরে নিয়ে দুর্বৃত্তরা মোবাইল ও টাকা দিয়ে দিতে বলেন। একপর্যায়ে মারধরে করে তাদের মোবাইল ও টাকা কেড়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী জুবায়ের জানান, তার আইফোন ও নগদ ২০০ টাকা এবং বশিরের নিকট থেকে ৪০০ টাকা ও একটি বাটন ফোন দুর্বৃত্তরা ছিনিয়ে নেন।
এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এরপর থেকে ওই সড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
