ছবির ক্যাপশন:
দামুড়হুদা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন কালু (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরাই তাকে উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহত আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী ও স্থানীয়রা জানায়, আজমুল হোসেনসহ ৬-৭ জন বাংলাদেশি গতকাল ভোর ৪টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বিএসএফের ছোড়া গুলিতে আজমুল হোসেনের পায়ে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যান। পরে বিএসএফের সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আজমুল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
