ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের প্রচার উপ-কমিটির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের প্রচার উপ-কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জেলা তথ্য অফিসারের কার্যালয়ে প্রচার উপ-কমিটির আহবায়ক জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে হলেও চুয়াডাঙ্গার ফুটবল অঙ্গন চাঙ্গা করার মত বিগ বাজেটের ফুটবল টূর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ গ্রহন করা হয় মতবিনিময় সভায়। জেলার তৃনমুল পর্যায় থেকে শুরু করে চারটি উপজেলা শহর, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার করা হবে। প্রচারনার জন্য গৃহিত সিন্ধান্ত বলির মধ্যে রয়েছে টূর্ণামেন্টে অংশগ্রহনকারী ১৬টি জেলার ফুটবল দলে খেলতে আসা বিদেশী ও নামী-দামি খেলোয়াড়দের নাম উল্লেখ করে মাইকিং, পত্রিকায় বিজ্ঞাপন, ডিশ ক্যাবলে প্রচার, জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তত্বাবধানে প্রতিটি গ্রামে খেলার খবর জানিয়ে মাইকিং, সকল পৌরসভা এলাকায় সংশ্লিষ্ট পৌর মেয়রের তত্বাবধানে মাইকিং, উপজেলা শহরে উপজেলা পরিষদের তত্বাবধানে মাইকিং, খেলার শুরুর দু-দিন আগে থেকে পিকআপ (মিনি ট্রাক) গাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ টূর্ণামেন্টের ট্রফি ও ব্যান্ডদল নিয়ে জেলার বিভিন্ন এলাকায় প্রদর্শন, হ্যান্ডবিল ও লিফলেটের মাধ্যমে প্রচার ইত্যাদি। প্রচার উপ-কমিটির সদস্যগন বলেন, এভাবে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে স্তমিত ফুটবল দর্শকদের আবারো মাঠমুখী করা সম্ভব হবে। আর এভাবে প্রচার-প্রচারনা হলেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের বাঁচাও ফুটবল আন্দোলন তথা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট সফল হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, স্বাধীন বাংলা ফুটবল দলের গোলরক্ষক আ. মোমেন জোয়ার্দ্দারের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুটবলমোদী মোহাম্মদ জানিফ, চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডিশক্যাবল ব্যবসায়ী সালাউদ্দীন মিঠু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক টুটুল মোল্লা, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক ইসলাম রকিব, ক্রীড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম সাফায়েত, প্রচার উপ-কমিটির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, শামীম রেজা, মিল্টন রহমান প্রমুখ।
