ছবির ক্যাপশন:
দীর্ঘদিন ধরে এক অসহায় আয়াকে কুরিুচপূর্ণ কর্থা-বার্তা বলাসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গা সদরের দর্শনা থানাধীন বেগমপুর দাখিল মাদ্রাসার সুপার আরেফ উল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তাকে লিখিতভাবে বহিষ্কার করেন।
জানা গেছে, সেলিনা আক্তার শেলী ২০২০ সালের ৪ আগস্ট মাদ্রাসায় আয়া পদে যোগদান করেন। এরপর থেকেই মাদ্রাসার সুপার আরেফ উল্লাহ তাকে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে শুরু করেন। অসহায় হওয়ায় সেলিনা মাদ্রাসা সুপারকে এমন আচরণ করতে নিষেধ করলেও তিনি একই আচরণ করতে থাকেন। উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গত ২৯ মে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরাবর একটি অভিযোগ দেন আয়া সেলিনা আক্তার। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল দুপুর ১২টায় ম্যানেজিং কমিটির সাধারণ সভায় তদন্ত প্রতিবেদন জমা দেয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে মাদ্রাসা সুপার আরেফ উল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রিপন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদ্রাসার আয়ার সাথে অনৈতিক আচরণ, তহবিল পরিচালনায় অনিয়ম, শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ ও মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যদের সাথে অসৌজন্যমূলক অসদাচরণ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সুপার আরেফ উল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’
