ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের খাদের পানিতে খাদিজা খাতুন (৭) নামের বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় খাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার আসাননগর গ্রামের লিটন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে খাদিজা খাদের পাশে খেলা করছিল। এর কোনো এক সময়ে শিশুটি খাদের পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যায় মেয়েকে কোথাও দেখতে না পেয়ে মা নাজমুন্নাহার বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ওই খাদের মধ্যে খাদিজার স্যান্ডেল ও মাথার চুল ভাসতে দেখেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খাদ থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে। নিহত শিশু খাদিজা লিটন আলী-নাজমুন্নাহার দম্পতির একমাত্র মেয়ে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, খাদের পানিতে পড়ে বাঁচ্চাটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
