ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সীমান্তবর্তী বড়বলদিয়ায় বিষধর সাপের কামড়ে আজমীর হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আজমীর হোসেন বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য সাইফুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আজমীর বিকেলে বড় ভাইয়ের সাথে বাড়ির পাশে খেলা করছিলো। এসময় বড় ভাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শিশু আজমীর তার পাশে থাকা ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে বড় ভাই দ্রুত তাকে বাড়ি নিয়ে মাকে জানায়। পরে তার মা গ্রামের রবি নামের এক কবিরাজের কাছে নিলে তিনি ছুঁচোই (বড় ইঁদুর) কামড়েছে বলে জানান।
এদিকে শিশু আজমীরের শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে পরিবারের লোকজন অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় শিশু আজমীরের নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, চারদিকে রাসেল ভাইপার সাপের আতঙ্কের মধ্যে শিশু আজমীরের সাপের কামড়ে মৃত্যু হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
