ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেছেন, ‘এইচএসসি পরীক্ষা উপলক্ষে চুয়াডাঙ্গায় সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৪ সালের এইচএসসি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এ কথা বলেছেন।
চলতি বছরে চুয়াডাঙ্গা জেলায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ৭ হাজার ৯৪ জন, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮২ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ১ হাজার ৬৪০ জন এবং আলিম পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন সভা সঞ্চালনা করেন। সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এনটিভির সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম ও প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি বক্তব্য দেন।
সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার সামিউল আজম, সহকারী কমিশনার নূরুল হুদা মনির, দর্শনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকরামুল হক, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীতিশ বিশ^াসসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, পরীক্ষার হলে ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র যেন প্রতিপালন করা হয়। ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। লাল পতাকা টাঙিয়ে দিতে হবে। এতে মানুষ সতর্ক থাকবে। সিসি ক্যামেরা সচল রাখতে হবে। বেঞ্চ মসৃণ থাকতে হবে। পরীক্ষা কক্ষে আলো বাতাস পর্যাপ্ত থাকতে হবে। ব্যবস্থাপনা কমিটির কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবশে পরীক্ষা নিতে হবে। নতুন পরীক্ষা কেন্দ্রে যেন কোনো প্রকার অব্যবস্থাপনা না হয়।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা সদরে সিনেমা হলপাড়ার কাঠপট্টি, কলেজের পাশের গলি, হাসপাতাল রোড, পলাশপাড়া, মুক্তিপাড়া, কোর্ট রোড এবং আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা শহরসহ গ্রামভিত্তিক সকল ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার কথা সভায় বলা হয়েছে।
