ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফাইনাল খেলায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল কবীর ইউসুফ, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মো. মামুনুর রশিদ প্রমুখ।
এ টুর্নামেন্টে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। বঙ্গমাতা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে উপজেলার সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুনিয়া চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল না হলে খেলাটি টাইব্রেকারের গড়ায়। এসময় সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ গোল করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। আর কুনিয়া চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় ১ গোল করে রানার্সআপ নির্বাচিত হয়।
আর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে অংশগ্রহণ করে মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মজারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ গোল করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান।
জীবননগর:
জীবননগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জীবননগর থানা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনালে গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে, বঙ্গমাতা ফুটবলে (বালিকা) কালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু প্রমুখ।
