ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ইজিবাইক চুরি হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলা পরিষদের পুকুর পাড়ের কাছ থেকে চোর চক্রের সদস্যরা হাসাদহ ইউনিয়নের ঘুষিপাড়ার হতদরিদ্র মিজানুর রহমানের ছেলে সাগরকে (১৮) অজ্ঞান করে ইজিবাইক নিয়ে যায়।
এদিকে সাগরকে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে তারা এসে সাগরকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে যায়। পরিবারের একমাত্র আয়ের উৎস ইজিবাইকটি চুরি হওয়ায় পথে বসে গেছেন মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘৫ মাস আগে ২ লাখ ৩০ হাজার টাকা দিয়ে ছেলেকে ইজিবাইক কিনে দিয়েছিলাম। রোববার বেলা একটার দিকে আন্দুলবাড়ীয়া বাজার থেকে একজনকে জীবননগর উপজেলায় নিয়ে আসে। এরপর আমার ছেলেকে অজ্ঞান করে ইজিবাইকটি চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ইজিবাইকটিই আমাদের আয়ের একমাত্র উৎস। আমরা এখন সংসার চালাবো কীভাবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক জীবননগর শহরের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, জীবননগরে আইনশৃঙ্খলার চরম অবনতি। একের পর এক চুরি হলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। একজন চেয়ারম্যানকে দিনের বেলা কুপিয়ে মারাত্মক জখম করলেও এখনও কাউকে আটক করতে পারেনি। এভাবে যদি চলতে থাকে, তাহলে জীবননগরবাসী কেউ নিরাপদে চলাচল করতে পারবে না।
এ বিষয়ে জীবননগর থানার ওসি (তদন্ত) মো. একরামুল বলেন, জীবননগর উপজেলা পরিষদের মধ্যে থেকে ইজিবাইক চুরির বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
