দামুড়হুদায় গরুবাহী ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-06-07 ইং
দামুড়হুদায় গরুবাহী ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুবাহী ট্রাকের ধাক্কায় রকিবুল হাসান (২০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নে পেট্রোল পাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় পথচারীরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রকিবুল হাসান দামুড়হুদা দশমীপাড়ার জহুরুল ইসলামের ছেলে। সে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পরপরই চালক ট্রাক রেখে সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নেয়। ঘাতক ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ড-১২-২৬৭৩।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশু রকিবুল সমবয়সীদের সঙ্গে দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজ মাঠে খেলা করতে যায়। খেলা শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও রকিবুল তার সমবয়সী অপর বন্ধুর সঙ্গে রাস্তার পাশের জামগাছ থেকে জাম পাড়তে যায়। এসময় কয়েকটি কুকুর তাদের তাড়া করলে রকিবুল দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এসময় একটি গরুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে সে গুরুতর জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় শিশুটির পরিচয় অজ্ঞাত ছিল।

এদিকে, সন্ধ্যা হলেও শিশুটি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পান রকিবুলের মা-বাবা।

হাসপাতালে সবুজ হোসেন নামের এক নির্মাণ শ্রমিক বলেন, দর্শনা রেলস্টেশনে একটি ছাউনী মেরামতের কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পথে দর্শনা পেট্রোল পাম্পের নিকট পৌঁছালে শিশুটিকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখি। কেউ শিশুটির কাছে যাচ্ছিলো না। একটি গরুবাহী ট্রাকের ধাক্কায় শিশুটি জখম হয়ে রাস্তর ওপর পড়েছিল। এসময় ইজিবাইকযোগে দ্রুত শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিই। কিন্তু হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি জানান, শিশুটিকে জরুরি বিভাগে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, গরুবাহী ট্রাকের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়েছে, তবে ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)