ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে সাপের কামড়ে সাজেদা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত মধ্যরাতে নিজ বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা ভোর সাড়ে পাঁচটার দিকে সাজেদা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সাজেদা খাতুন তিতুদহ ইউনিয়নের আড়িয়ারচক গ্রামের আহসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সাজেদা খাতুন। মধ্যরাতে একটি বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় থাকা সাজেদা খাতুনকে কামড় দেয়। এসময় সাজেদা খাতুন চিৎকার করলে পরিবারের সদস্যরা সাপে কামড়ের ঘটনা বুঝতে পেরে তাকে গ্রাম্য চিকিৎসক ও পরে একজন কবিরাজের কাছে নেয়। কিন্তু কোনো চিকিৎসা না পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে সাজেদা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরেই ওই সাপটিকে ঘরের মধ্যে পাওয়া যায়। পরে সাপটিকে মেরে ফেলা হয়।
নিহত সাজেদা খাতুনের স্বামী আহসান জানান, একই ঘরে তিনিও ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে হঠাৎ তার স্ত্রী চিৎকার করলে তিনি জেগে ওঠেন। আহসান বলেন, ঘুমন্ত অবস্থায়ই একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। এরপর সাজেদার ব্যথায় ছটফট করতে শুরু করলে ভোরে তাকে সদর হাসপাতালে ভর্তি করি। এদিকে, গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ের শিকার এক নারী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি। পরিবারের সদস্যরা লাশের দাফন সম্পন্ন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
