ছবির ক্যাপশন:
জীবননগরে পুকুর থেকে মৃত মাছ তুলতে যেয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- শাখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তাবাসসুম (৬) ও একই গ্রামের রাজু আহম্মেদের মেয়ে পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী রিতু খাতুন (৫)। তারা আপন চাচাতো বোন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে তাবাসসুম ও রিতু একসঙ্গে বাড়ি থেকে শাখারিয়া গ্রামের নিজামুদ্দিনের নতুন খননকৃত পুকুরে মৃত মাছ ধরতে যায়। এসময় তারা পানিতে পড়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরের পাড় দিয়ে মাঠে যাওয়ার সময় কয়েকজন দুই শিশুর লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
শাখারিয়া গ্রামের আবুল হোসেন বলেন, শাখারিয়া গ্রামের নিজামুদ্দিন গত কয়েকদিন আগে এই পুকুরটি খনন করেন। গত দুই দিন আগে পুকুরে পানি দিয়ে মাছ ছাড়ে। ইতোমধ্যেই পুকুরের বেশকিছু মাছ মারা গেছে। সেই মাছ ধরতে যেয়ে হয়ত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পুকুরটার গভীরতা অনেক বেশি। আর এই দুই মেয়ে অনেক ছোট। তারা সাঁতারও জানে না। তাছাড়া দুপুর বেলা মাঠে লোকজনও তেমন ছিল না। যার ফলে এই দুর্ঘটনা ঘটে গেছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, শাখারিয়া গ্রামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে এটা আমি শুনেছি। আসলে এটা খুবই দুঃখজনক। এই শিশু দুটি একই পরিবারের। তারা দুজন আপন চাচাতো বোন। জীবননগর থানার ওসি (তদন্ত) মো. একরামুল হোসেন বলেন, এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
