ছবির ক্যাপশন:
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ধান-চাল সংগ্রহ। বিভিন্ন মিলের চাল এবং কৃষকেরা ধান সরবরাহ করবে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা খাদ্য বিভাগের আয়োজনে সদর খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
জেলায় চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩২৬২ মেট্রিক টন ধান ও মিলারদের থেকে ৮৫৫৬ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। সদর উপজেলায় চাল সংগ্রহ হবে ৪৪৪ মেট্রিক টন, আলমডাঙ্গায় ১ হাজার ৭১ মেট্রিক টন, দামুড়হুদায় ৪১৪ মেট্রিক টন ও জীবননগরে ৬ হাজার ৬২৭ মেট্রিক টন। এছাড়া সদর উপজেলায় ধান সংগ্রহ করা হবে ৬২৮ মেট্রিক টন, আলমডাঙ্গায় ১১২০ মেট্রিক টন, দামুড়হুদায় ৮০৫ মেট্রিক টন ও জীবননগরে ৭০৯ মেট্রিক টন।
সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা কেজি। আর চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা প্রতি কেজি। জেলার ৮৮ জন মিলার ৮ হাজার ৫৫৬ মেট্রিক টন চাল সরবরাহ করবে ৫টি গুদামে। প্রত্যেক কৃষক ১২০ কেজি থেকে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবে ৫টি গোডাউনে।
উদ্বোধন ও ধান-চাল সংগ্রহ কার্যক্রমে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসান মিয়া, সদর খাদ্যগুদামের এলএসডি মিয়ারাজ হোসাইন, চালকল মিল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ, চাল ব্যবসায়ী নজরুল ইসলাম, হাসানুর ইসলাম পলেনসহ জেলার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
