ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা হল্টস্টেশন থেকে লাভলু (৪৫) নামের এক পকেটমারকে আটক করে জিআরপি পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনে যাত্রীর টাকা চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে। লাভলু নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়া গ্রামের রাজ্জাকের ছেলে।
জানা গেছে, জয়নগর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য গতকাল সকালে খুলনাগামী সাগরদাঁড়ী ট্রেনযোগে দর্শনায় আসেন রাজশাহীর রাজপাড়া গ্রামের চয়ন আলী। ট্রেনটি দর্শনা হল্টস্টেশনে থামলে প্লাটফর্মে নামার সময় লাভলু ভুক্তভোগী চয়র আলীর পকেট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলার পর লাভলুকে গণধোলাই দিয়ে জিআরপি পুলিশে সোপর্দ করে।
এদিকে এলাকাবাসী জানায়, দর্শনা হল্টস্টেশনে ট্রেনের যাত্রীরা মাঝে মধ্যেই পকেটমারের শিকার হয়। গত দেড় মাসে এ স্টেশনে প্রায় ৭টির অধিক যাত্রীর পকেট কাটার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান বলেন, পকেটমার লাভলুর বিরুদ্ধে মামলা দায়ের করে পোড়াদহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
