ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মেলায় মাধ্যমিক পর্যায়ে ও কলেজ পর্যায়ে ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন বলেন, ‘আমি আশাবাদী, আমাদের তরুণ প্রজন্ম সঠিকভাবে এগোচ্ছে। পৃথিবীর সকল উন্নত জাতি শিক্ষিত। এখন প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ। এখন অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হবে। বিজ্ঞান এবং প্রযুক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির যুগে সবকিছুই হাতের মুঠোয়। প্রযুক্তির সঠিক ব্যবহার করলে সাফল্য আসবে।’ তিনি বলেন, আজকের প্রতিপাদ্যে সৌর বিদ্যুৎ আছে। সারাবিশ্ব এখন ঝুঁকছে নবায়নযোগ্য শক্তির দিকে। সকলকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। নিজেদের প্রয়োজনে বিজ্ঞান শিখতে হবে। বিজ্ঞান ছাড়া মুক্তির উপায় নেই।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ এ স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করে আলমডাঙ্গা একাডেমি এবং তৃতীয় স্থান অধিকার করে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল। সিনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে আলমডাঙ্গা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে জীবননগর ডিগ্রি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়ার গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব হাসান বিদ্যুৎ, দ্বিতীয় স্থান অধিকার করে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ এবং তৃতীয় স্থান অধিকার করে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রোহানুল হক মুন্সি। সিনিয়র গ্রুপ থেকে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান ও দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। অষ্টম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাবিল, মজিদ ও বিদ্যুৎ, দ্বিতীয় স্থান অধিকার করে মুনিয়া, ইউসুফ ও অংকন এবং তৃতীয় স্থান অধিকার করে মিজবাহ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শেখ রাসেল, জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাহিদুল আলম, সিনিয়র সহকারী কমিশনার শেখ সাদাত হোসেন, জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার নাইমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার আব্দুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
