ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মারধর করায় কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাজাদী মিলিকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। গতকাল রোববার বিকেলে উপজেলার কালুপোল গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কালুপোল গ্রামে নিজের নির্বাচনী প্রচার করছিলেন ফুটবল প্রতীকের প্রার্থী মাসুমা খাতুন। এসময় কলস প্রতীকের প্রার্থী শাহাজাদী মিলি ও তার স্বামী কালুপোল বাজারে এসে মাসুমাকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এসে মিলি ও তার স্বামীকে গণপিটুনি দেয়। এসময় তাদের আটকে রাখা হয়। পরে মিলিকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ফুটবল প্রতীকের প্রার্থী মাসুমা খাতুন বলেন, ‘আমার ভোটার সংখ্যা দিন দিন বাড়ছে। এই কারণেই এমন আক্রমণ আমার ওপর।’ তিনি আরও বলেন, ‘আমি গরীব অসহায় বলে মানুষ আমাকেই বেশি আস্থা দিচ্ছে। তাই আমাকে এবং আমার ছেলেকে তারা মারধর করেছে।’
স্থানীয়রা জানান, মাইক্রো গাড়ি থেকে মেনেই মাসুমাকে মারধর করেন মিলি ও তার স্বামী। পরে স্থানীয়রা ক্ষেপে মিলিকে গণপিটুনি দেয়। এ বিষয়ে কলস প্রতীকের প্রার্থী শাহাজাদী মিলি বলেন, ‘মাসুমা আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। এটা শোনার জন্য আমি তার কাছে গেলে স্থানীয় জনগণ আমাকে ও আমার সফর সঙ্গীদের বেধড়ক মারধর করে।’
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য সাইদ খোকন বলেন, ‘সাময়িকভাবে বিষয়টি আমি এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক লিটু মিলে মীমাংসা করে দিয়েছি।’
