জীবননগরে চালককে মারধর করে পাখিভ্যান ছিনতাই

আপলোড তারিখঃ 2024-05-13 ইং
জীবননগরে চালককে মারধর করে পাখিভ্যান ছিনতাই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে ও মারধর করে পাখিভ্যান ছিনতাই করেছে যাত্রীবেশে এক দুর্বৃত্ত। গতকাল রোববার সকালে অচেতন অবস্থায় ইসরাফিল হোসেন (৩৫) নামের ওই ভ্যানচালককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইসরাফিল হোসেন জীবননগর হাইস্কুলপাড়ার নুর মোহাম্মদের ছেলে। এরআগে শনিবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার ধোপাখালি-সন্তোষপুর সড়কে ওই দুর্বৃত্তের কবলে পড়েন তিনি।
আহত ইসরাফিলের বোন মধু খাতুন বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে একজন দর্শনায় যাওয়ার জন্য আমার ভাইয়ের ভ্যান ভাড়া করে। ওই দিন রাতেই দর্শনা থেকে ফেরার সময় একটি দোকানে বসে ওই লোক কোকের ভেতরে ওষুধ মিশিয়ে আমার ভাইকে খাইয়ে দেয়। পরে ধোপাখালী এসে তাঁকে মারধর করে পুকুরের মধ্যে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, স্থানীয় লোকজন আমার ভাইকে উদ্ধার করে একটি দোকানে শুয়িয়ে রেখেছিল। রোববার ভোরে খবর পেয়ে আমার মা ধোপাখালী থেকে ভাইকে নিয়ে জীবননগর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী ভ্যানচালক ইসরাফিল হোসেন বলেন, ‘আমাকে কোকের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল বলে মনে হচ্ছে। কোক তেতো লাগছিল। পরে ধোপাখালী এসে আমাকে ধাক্কা মেরে পুকুরের মধ্যে ফেলে দেয়। আমি যতবার উঠতে যাচ্ছিলাম বারবার পড়ে যাচ্ছিলাম।’
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সুজন বলেন, রোববার ভোরে ইসরাফিল নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখেছি। তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, যাত্রীবেশে একজন কোকের সাথে চেতনানাশক খাইয়ে চালককে মারধর করে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা নুর মোহাম্মদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)