ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার পর্যন্ত এ দুই উপজেলায় একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি উপজেলার মধ্যে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের চাচাচো চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
প্রতীক বরাদ্দ পাচ্ছেন যারা- দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগরের আপন ভাই বর্তমান চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম ও মো. আবু তালেব। ভাইস চেয়ারম্যান পদে মো. শফিউল কবির, মো. আব্দুর রাজ্জাক ও মাজেদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে মোছা. সাহিদা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর দিকে, জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান ও এস কে লিটন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও কাজী সামসুর রহমান চঞ্চল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জীবননগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আয়েশা সুলতানা লাকী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনুকা আক্তার রিতা। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোতাওয়াক্কেল রহমান বলেন, সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
