মুজিবনগরে ব্যাংক কর্মচারীকে অজ্ঞান করে টাকা লুট

আপলোড তারিখঃ 2024-04-16 ইং
মুজিবনগরে ব্যাংক কর্মচারীকে অজ্ঞান করে টাকা লুট ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে ব্যাংক কর্মচারী সাগর শেখকে (২৭) অজ্ঞান করে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুজন। অসুস্থ অবস্থায় সাগর শেখকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাচ্ বাংলা ব্যাংকের শিবপুর গলাকাটা বাজারে বিপ্লব হোসেন এজেন্ট হিসেবে ব্যাংক পরিচালনা করে আসছেন। গতকাল সোমবার দুপুরে ব্যাংক কর্মচারী সাগর শেখ কাজ করছিলেন। এসময় অজ্ঞাতরা ব্যাংকে প্রবেশ করে তাকে অজ্ঞান করে। আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই তারা ব্যাংক থেকে টাকা লুটে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ঘটনার আগে তারা ব্যাংকে অজ্ঞাত দুজনকে প্রবেশ করতে দেখেছিলেন। তবে তারাই যে এ ঘটনার সাথে জড়িত তা নিশ্চিত নন কেউ। তাদের প্রবেশের কিছুক্ষণ পরে সাগরকে অজ্ঞান দেখেন স্থানীয়রা। ব্যাংক এজেন্ট বিপ্লব হোসেন জানান, স্থানীয়রা সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন পেয়েছেন তিনি। অজ্ঞাত ডাকাতরা এ সংযোগগুলো বিচ্ছিন্ন করে ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে। কত টাকা লুট হয়েছে জানতে বিপ্লব হোসেন বলেন, প্রতিদিন ব্যাংকে অনেক টাকা থাকে। এর সাথে প্রতিদিনের লেনদেনের আরও টাকা থাকে। তাই টাকার অঙ্কের সঠিক হিসেবে দিতে পারেননি তিনি।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, ব্যাংক কর্মচারীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। চোখ খুলে তাকাচ্ছেন, কিন্তু তার চেতনা ফেরেনি। তাকে কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছে না চোখে চেতনানাশক স্প্রে করা হয়েছে, তা নিশ্চিত হতে সময় লাগবে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্ত জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে ভর্তি কর্মচারী সুস্থ হলে তার কাছ থেকে তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। তবে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)