ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর শহরের দিগড়ী এলাকায় নাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলার প্রধান ও পলাতক আসামি ওহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকায় সবুজপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তিনি দিগড়ী উত্তরপাড়ার ইসলামের ছেলে।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে ওহিদুলের বাড়ির সামনে আগুন পোহাচ্ছিলেন প্রতিবেশী নাহারুল ইসলাম। এসময় ওহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে এসে নাহারুলকে বলেন- ‘আমার বাড়ি থেকে কে কাঠ নিয়ে এসে আগুন তাপাচ্ছে?’ উত্তরে নাহারুল ইসলাম ওহিদুল ইসলামকে বলেন- ‘কেউ তোর বাড়ি থেকে কাঠ নিয়ে আসেনি।’ এ কথার সূত্র ধরে তাদের মধ্যে বাগবিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে ওহিদুল তার দুজন সহযোগীকে নিয়ে বাড়ি থেকে ধারালো রামদা ও চাপাতি এনে নাহারুলকে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে নাহারুলের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে মৃত্যুবরণ করেন নাহারুল।
এদিকে, নাহারুল ইসলামের ছেলে লিখন আলীর দায়ের করা হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। ওই মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম।
গ্রেপ্তারের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এসময় বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
