ছবির ক্যাপশন:
যশোরের চৌগাছায় আলমসাধু উল্টে দাউদ হোসেন ওরফে বিশারত আলী (৫০) নামের এক বিচালি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোরের চৌগাছার ফাঁসতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আলমসাধুর চালক আশিদুল ইসলাম (১৯) গুরুতর আহত হন। নিহত বিশারত আলী দামুড়হুদার কুড়ুলগাছী ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর (নতুন গ্রাম) গ্রামের ছিয়োম আলী ছেলে। আর আহত আশিদুল ইসলাম একই গ্রামের লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হরিশচন্দ্রপুর (নতুন গ্রাম) থেকে আলমসাধুযোগে যশোরে ধানের খড় (গো-খাদ্য বিচালি) কিনতে যাচ্ছিলেন বিশারত আলী ও তার সহযোগী আশিদুল। সকাল সাড়ে সাতটার দিকে মহেশপুর-চৌগাছা সড়কের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফাঁসতলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে গাড়িতে কড়া ব্রেক করলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন চালক আশিদুল ইসলাম (১৯) ও বিশারত। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশারত আলীকে মৃত ঘোষণা করেন। আর আশিদুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আশিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, সন্ধ্যায় বিশারতের লাশ বাড়িতে পৌঁছালে মাগরিবের নামাজের পর নিজ গ্রাম হরিশ্চন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি কবরস্থান মাঠে জানাজা শেষে তার দাফন করা হয়। বিশারত মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
