ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় আলমডাঙ্গা উপজেলার গ্রামে গ্রামে মাদক বিক্রেতা ও ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারা তাদের এলাকার মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন। এছাড়া চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার বলেন, যদি এ ধরনের পরিস্থিতি চলতে থাকে, ঈদের পরে এলাকার সচেতন মানুষ নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। তার এই বক্তব্যকে সহমত পোষণ করেছেন উপস্থিত সকল চেয়ারম্যান।
মাদক নিয়ে ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করে বলেন, সম্প্রতি আলমডাঙ্গা উপজেলা মাদক বিক্রেতা ও ক্রেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে প্রকাশ্যে ও গোপনে মাদক বেচাকেনা চলছে। তারা পুলিশ প্রশাসনের নীরবতাকে দায়ী করেন। আর মাদকের কারণে উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সভায় আলমডাঙ্গা পৌর শহরে ঈদ বাজারের যানজট, ফুটপাত দখল, ভ্রাম্যমাণ আদালত, বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, থানার ওসি (তদন্ত) আবু সাঈদ ও প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি।
এছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান, এনামুল হক, আশিকুর রহমান ওল্টু, আসাদুল হক মিকা, তাপসির আহমেদ লাল, মিনাজ উদ্দিন, তরিকুল ইসলাম, মুজাহিদুর রহমান লোটাস, মাহমুদুল হাসান চঞ্চল, এজাজ ইমতিয়াজ, হাসানুজ্জামান সারোয়ার, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
