ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় জিডি করা হয়েছে। গতকাল মঙ্গলবার হান্নান এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার পিতা মৃত জোনাব আলী মাস্টার ২০১৪ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওই হত্যা মামলার বাদী আমি নিজেই। ওই মামলার শুনানির দিন ধার্য্য ছিল গত ৬ মার্চ। কিন্তু একপক্ষের শুনানি শেষ হলেও আসামি পক্ষের শুনানির জন্য সময় আবেদন করলে আগামী ২২ এপ্রিল সময় নির্ধারণ করেন আদালত। ওই দিনই জামিনে থাকা আসামি কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ছেলে শাহারিয়া হোসেন রাকিব (২২) তার ফেসবুক আইডিতে আমাকে উদ্দেশ্য করে পোস্টে লেখেন ‘প্রতিশোধ আরো ভয়ংকর হবে। স্রোতের বিপরীতে সাঁতার কাটার অভ্যাস আমাদের বহু আগে থেকে।’
হান্নান বলেন, এ ধরনের পোস্ট দেওয়ার পাশাপাশি আসামিরা আমাকে মামলা থেকে সরে যেতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। পিতার হত্যার বিচার চাইতে গিয়ে ওই সকল সন্ত্রাসী দ্বারা তিনিসহ তার পরিবার বড় ধরণের ক্ষতির শিকার হতে পারেন বলে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান আশঙ্কা করছেন। যে কারণে তিনি থানায় জিডি করেছেন। জিডি নং-৩৮৯ তারিখ- ০৯/০৩/২০২৪।
