গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সোমবার দিনব্যাপি গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস ও ডক্টরস এ্যাসোসিয়েশনের আহবায়ক সাদমান সাকিব নাহিদ। এ্যাসোসিয়েশনের সদস্য জান্নাতুল নাঈম সজিব ও ফারহানা সামিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি ও মহিলা এমপির ব্যক্তিগত সহকারী সাবেক ছাত্রনেতা মাসুম পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, গাংনী ময়না হার্ডওয়ারের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল এন্ড কলেজের একাডেমিক অধ্যক্ষ হাবিবুর রহমানসহ গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজ্ঞানের উপর মনোস্ক তৈরী করতে গাংনী উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩শ’ শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ গ্রহণ করে। এছাড়াও কুইজ,প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে স্লাইড প্রেজেন্টশনের মাধ্যমে এ্যাসোসিয়েশনের সকল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষামূলক রম্য নাটিকা উপস্থাপন করা হয়। গাংনী মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশনের সদস্য নাহিদ হাসান, জান্নাতুল নাঈম সজিব, ফারহানা সামিয়া, নাসরুল্লাহ রবিন, তানজিয়া শারমিন, সাদিয়া জোহা, মাহবুবুর রহমানসহ সন্ধানী স্কুল এন্ড কলেজের এক ঝাঁক স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাদমান সাকিব নাহিদ জানান,মেডিকেল ক্যাম্পিং,বাৎসরিক বিজ্ঞান উৎসবের মাধ্যমে বিজ্ঞানের প্রতি আগ্রহীকরণ,সোস্যাল এওয়ারনেস, ক্যারিয়ার গাইডলাইন ফর দ্যা স্টুডেন্টস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতা প্রদান করার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গাংনী মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এন্ড ডক্টরস এসোসিয়েশন এবারই প্রথম যাত্রা শুরু করলো। তিনি আরও বলেন, সকলের সহযোগিতা পেলে প্রতিবছর এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হবে। সাদমান সাকিব নাহিদ আরো বলেন,এ্যাসোসিয়েশনে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিক ভাবে মেডিকেল স্টুডেন্টদের নিয়ে এ কার্যক্রম শুরু করলেও বিজ্ঞান সম্পর্কে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত আন্ডারগ্রাজুয়েট সকল শিক্ষার্থীদের সদস্য হিসেবে যুক্ত করা হবে।
