ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী শিপরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা-পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। ওসি বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক সম্রাজ্ঞী শিপরা বেগম চুয়াডাঙ্গা জেলার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী। তিনি পাইকারি মাদক বিক্রি করেন। ছদ্মবেশে তিনি তার গ্রাহকদের কাছে মাদক পৌঁছে দেন।
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শিপরা ২০০৫ সাল থেকে মাদক বিক্রির সাথে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২২টি মাদক মামলা চলমান রয়েছে। মামলা চালানোর জন্য জেল থেকে ফিরে টাকা সংগ্রহ করতে গিয়েই আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।
