ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হতদরিদ্র পরিবারের ১৬টি ছাগলের মধ্যে ১৪টি পুড়ে মারা গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জীবন-জীবিকার একমাত্র আয়ের উৎস ছাগলগুলো হারিয়ে পথে বসার উপক্রম পরিবারটির। কান্নায় ভেঙে পড়ছেন ছাগলগুলোর মালিক হতদরিদ্র জয়নাল হোসেন ও তার স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী এক নারী জানান, রাতে ছাগলের ডাক শুনে তিনি ঘরের বাইরে বেরিয়ে দেখেন জয়নাল হোসেনের ছাগলের ঘরে আগুন জ্বলছে। তিনি দ্রুত এসে সবাইকে ডাকেন। এরপর পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে ছাগলগুলো পুড়ে মারা যায়। ভুক্তভোগী জয়নাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ছাগলগুলো লালন-পালন করে তার সংসার চলে। গোয়ালে ১৬টি ছাগল ছিল। এর মধ্যে দুটি বাচ্চা ছাড়া সব ছাগল পুড়ে মারা গেছে। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান জানান, জয়নাল হোসেন ধোপাখালী গ্রামের একজন হতদরিদ্র মানুষ। ছাগল পালনই ছিল তার আয়ের একমাত্র উৎস। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে তার সব ছাগল পুড়ে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখের। তিনি একেবারে সহায়-সম্বলহীন হয়ে গেলেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ঘটনাটি জানিয়েছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ আমি ঘটনা স্থানে গিয়েছিলাম এবং তাদের উপজেলা পরিষদ থেকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে এ ঘটনা শুনে সকালে ঘটনাস্থানে ছুটে যান এবং আর্থিক সহযোগিতা করেন মাই টিভির বিশেষ প্রতিনিধি এস কে লিটন ।
