ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদার চাকুলিয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে হাফিজুর রহমান (৩৫), একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে মিজানুর রহমান (৫০) ও চাকুলিয়া গ্রামের মাঠপাড়ার রমজান আলীর ছেলে মাহবুর রহমান (৩২)।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে বিভাগীয় স্টাফ দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝেরপাড়ায় এলাকায় সন্দেহজনক চলাচল করায় একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে মোটরসাইকেলে থাকা হাফিজুর রহমান ও মিজানুর রহমানকে আটক করে তাদের নিকট থেকে ৩০০ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই দল একই স্থান থেকে অপর মাদক কারবারি মাহবুর রহমানকে ১৮৭ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আকবর হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করেন। গতকালই আটক আসামিদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
