ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আলমিনা খাতুন (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা আলমিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমিনা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা আবাসনের আল-আমিনের মেয়ে। পিতা-মাতার দাবি আলমিনার মাথায় সমস্যা ছিলো। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আল-আমিন বলেন, আলমিনার মাথায় সমস্যা ছিলো। বিভিন্ন কবিরাজের নিকট তার চিকিৎসাও চলছিলো। সে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মাথার রোগ ও করোনা মহামারির পর থেকে সে আর স্কুলে যায়নি। আজ আমি ও স্ত্রী দুজনেই বাড়িতে ছিলম না। রাতে বাড়ি ফিরে আলমিনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তাকে ডাকা-ডাকি করি। কিন্তু সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। এসময় স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার জানায় সে মারা গেছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, জরুরি বিভাগে আমরা আলমিনাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হওয়ায় সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
