ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলির উদ্যোগে সুরাহা হয়েছে খাঁ পাড়ার মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি এলাকাবাসীর সহযোগিতায় চলাচলের রাস্তার নির্ধারিত স্থানটি সংস্কার করার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের খাঁ পাড়ার মির্তাহুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের চলাচলের কোনো রাস্তা ছিল না। মাদ্রায় পৌঁছাতে শিক্ষার্থীদের প্রতিবেশীদের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান এলাকার জনগণ ও মাদ্রাসা কমিটির সদস্যরা। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি সেখানে যান এবং গভীর গর্ত বুজিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেন। আজ শুক্রবার থেকে সেখানে মাটি ভরাটের কাজ শুরু হবে। এতে এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে।
এসময় মির্তাহুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন আগে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু চলাচলের কোনো রাস্তা নেই। অন্যের বাড়ির ওপর দিয়ে মাদ্রাসার ছাত্ররা ও এলাকাবাসীর চলাচল করতো। এই রাস্তা হওয়ার পর সকলের চলাচলের আর দুর্ভোগ পোহাতে হবে না।
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন, আমরা জনপ্রতিনিধি। আমরা জনগণের সেবক। জনগণের সুবিধা হবে এমন কাজ করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। তাই এই রাস্তাটি করতে পারলে মাদ্রাসার ছাত্রদের চলাচল যেমন সুবিধা হবে তেমন জনগণের সুবিধা হবে। ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে রাস্তার কাজ শেষ হবে।
