ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাউসপুরে মামুন রেজার বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করে কাজী আজিজুল ইসলাম উজ্জলদের জমিতে জোরপূর্বক বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। থানা-পুলিশ আদালতের আদেশ মোতাবেক নির্মাণকাজ বন্ধ করলেও গোপনে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এতে বিপাকে পড়েছে ভুক্তভোগী আজিজুল ইসলাম উজ্জল গং।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের মৃত আবু তোফাজ্জেলের ছেলে কাজী আজিজুল ইসলাম উজ্জল গংয়ের ৭৭ নম্বর ডাউকি মৌজায় ২৬৭৮ ও ৩০০১ নম্বর খতিয়ানের ১১৯০ ও ১১৯১ এবং ১১৯৭ নম্বর দাগে ৪৬ শতক জমির মধ্যে .০৭৩৪ একর জমির আরএস ৯০ দাগে ৪ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করছেন। ওই জমি একই গ্রামের জোয়াদ আলীর ছেলে মামুন রেজা গং জোরপূর্বক স্থাপনা তৈরি করছেন। গত ৯ জানুয়ারি আজিজুল ইসলাম উজ্জল জোরপূর্বক স্থাপনা নির্মাণ বন্ধে আদালতে আবেদন করেন। আদালত দুই পক্ষকে ফৌজদারি কার্যবিধি ১৪৫ (১) ধারা জারি করেন এবং উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকতে নির্দেশ দেন। আগামী ২৫ ফেব্রুয়ারি আদালতে কার্যদিবস ধার্য করেন। থানা-পুলিশ আদালতের আদেশ মোতাবেক ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন।
এদিকে, আদালতের আদেশ অমান্য করে মামুন রেজা গং জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। এতে আজিজুল ইসলাম উজ্জল গং তার নির্মাণকাজে বাধা দিতে গেলে তাদের নানানভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী আজিজুল ইসলাম উজ্জল গং।
