সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ঘুড়ি উড়ানার সুতা কাটায় শুভ (১৩) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় দিকে শহরের মুসলিমপাড়ার এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক শুভকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম শুভ চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। এদিকে, ঘটনার পরই অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ির সুতা কাটাকে কেন্দ্র করে এলাকার দুই কিশোর শুভ ও বাবুর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে অভিযুক্ত কিশোর বাবু একটি ছুরি নিয়ে এসে শুভ'র পিঠে আঘাত করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শুভকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার পর অভিযুক্ত কিশোর বাবুকে আমরা হেফাজতে নিয়েছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ৯টায় দিকে রক্তাক্ত জখম অবস্থায় শুভকে জরুরি বিভাগে আনে পরিবারের সদস্যরা। এসময় সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিল না। তার পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ধারণা করছি তার ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়েছে। অবস্থা শঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
