ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় মশিবুল (২৮) নামের এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার ওই বাক প্রতিবন্ধীর মা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মশিবুল গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা থানার তিতুদহের ওই বাক প্রতিবন্ধীকে গত ১৬ ফেব্রুয়ারি বাড়ির পাশে চিত্রা নদীর ধারে ও বড়শলুয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন একই গ্রামের মশিবুল। ধর্ষণের শিকার হয়ে ওই বাক প্রতিবন্ধী বাড়িতে এসে ইশারায় তার মাকে বিষয়টি বোঝায়। পরে তার মা পরিবারের অন্য সদস্যদের জানান। এ ঘটনায় গত সোমবার তার মা বাদী হয়ে দর্শনা থানায় মশিবুলের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ১৪। পরে দর্শনা হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ফজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশিবুলকে আটক করে দর্শনা থানায় সোপর্দ কনের। ওই দিনই তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহা সময়ের সমীকরণকে বলেন, অভিযোগ পেয়েই দুই ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তাধীন আছে।
এদিকে অভিযুক্তের পরিবারের সদস্যদের দাবি করছে, মশিবুল ও ওই মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনের ইচ্ছাতেই তারা ভুট্টা খেতে গিয়েছিল। স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেন, ঘটনার ৮ দিন পর বিষয়টি গ্রামে জানাজানি হয়েছে। মূলত গোপনে মীমাংসা করার চেষ্টা চলছিল।
