ছবির ক্যাপশন:
জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: সৃজনশীল মেধা আর দক্ষতা কাজে লাগিয়ে মহিলারাও দেশকে এগিয়ে নিতে পারে। এজন্য তার সদিচ্ছা থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মূল্যবান জনশক্তিতে রুপান্তর করে বৈদেশিক কর্মসস্থান সৃষ্টিতে নারীরা ব্যপক ভূমিকা রাখছে। তাই ঘরে বসে থাকলে হবে না; প্রশিক্ষণ কাজে লাগিয়ে তা নিয়ে বিশ্ব দরবারে উঠে দাড়াতে হবে। মনে রাখতে হবে ‘বিদেশীদের থেকেও আমরা অনেক বেশি যথেষ্ট মেধাবী।’ জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা কার্যালয় পরিদর্শনকালে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল সোমবার বিকাল ৩টায় কেদারগঞ্জস্থ জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয় পরিদর্শন করে তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে দর্জি বিজ্ঞান, কম্পিউটার, ব্লক-বার্টিকসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণরত মহিলাদের নিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, সদস্য মোছা. সাহাজাদী আলম, শেফালী খাতুন, রোজিনা আক্তার ও রাফিয়া বেগমসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা।
