ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আইলহাস হাড়োকান্দি গ্রামে ফসল উৎপাদনে ব্যবস্থাপনা প্রযুক্তি বর্তমান সময়ে করণীয়, বিভিন্ন ফসলের সমস্যা ও সমাধানের লক্ষ্যে ডিএই কৃষক দলের সদস্যদের অংশ গ্রহণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেহেনা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা। তিনি বলেন, ভুট্টার ফিউজেরিয়াম স্টক রড রোগ হলো ছত্রাকজনিত। এটি ভুট্টার সবচেয়ে ধ্বংসাত্মক রোগ এবং এই রোগের সংক্রমণের ফলে প্রায় একশতভাগ পর্যন্ত ক্ষতি সাধন হতে পারে। এটি মাটি, বীজ ও বায়ুবাহিত রোগ এবং পোশাক দেহের সংখ্যা অনেক বেশি। ২০২০ সালে বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব প্রথম দেখা দেয়। আক্রান্ত গাছের পাতা বিবর্ণ হয়ে গাছ শুকিয়ে ধূসর বর্ণ ধারণ করে। আক্রান্ত গাছের গিঁট নষ্ট হয়। গাছের কাণ্ডে চাপ দিলে নরম বোধ হয়। দানা অপুষ্টসহ নানা লক্ষণ দেখা দেয়। এজন্য শক্ত কাণ্ড বিশিষ্ট এবং পাতার রোগ প্রতিরোধী হাইব্রিড ধাতের চাষ করতে হবে। বীজ শোধন করে রোপণ করতে হবে। সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে নাইট্রোজেন এবং পটাশের ভারসাম্য বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যায়ন অফিসার সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কায়ছার ইকবাল, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন। উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ খালিদ সাইফুল্লাহের উপস্থাপনায় বক্তব্য দেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার পাপিয়া খাতুন ও শাকিলা পারভীন। কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক হাফিজুর রহমান, সিদ্দিক আলী, তক্কেল আলী ও আনিছুর রহমান।
