ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাথাভাঙ্গা নদীতে বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর তিন দিনব্যাপী পূজার সমাপ্তি হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিসর্জন উপলক্ষে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া বারোয়ারী দুর্গা মন্দিরসহ শহরের কয়েকটি মন্দির থেকে পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর তীরে গিয়ে শোভাযাত্রাগুলো শেষ হয়। পরে নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, ‘প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যা দেবীর আরাধনা করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চুয়াডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ। সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তার আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পূজা উৎসব আকারে পালিত হয়। সরস্বতী বিদ্যার দেবী। যার ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষ সকলেই সরস্বতীর আরাধনা করেন। মা সরস্বতী জ্ঞানদায়িনী বিদ্যাদেবী সরস্বতী শ্বেতশুভ্র বসনা। তাঁর এক হাতে বীণা অন্য হাতে বেদপুস্তক।’
চুয়াডাঙ্গা দৌলাতদিয়ার সরস্বতী পূজা সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন সাহা আবির জানান, সুষ্ঠু পরিবেশে দেবী সরস্বতীর আরাধনা করতে পেরে আমরা সন্তুষ্ট। মায়ের কাছেই একটিই চাওয়া বিদ্যা বুদ্ধি ও শুভ শক্তিতে ভরে উঠুক পুরো পৃথিবী।
