ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্তবরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মনিংবেল চিলড্রেন একাডেমি চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ পিঠা উৎসবে দুধপুলি, জামাইপিঠা, ভাপা, পাকান, সেমাই পিঠা, পাটিসাপটাসহ হরেক রকমের বাহারি ও রসালো পিঠার প্রর্দশন করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। শহুরে জীবনের ব্যস্ততা কাটিয়ে অনেককে পিঠা উৎসবে এসে স্টল ঘুরে ঘুরে পিঠা খেতে দেখা গেছে।
এদিন সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানের আয়োজক মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহীনুর আলম লিটন বলেন, গ্রামবাংলা ঐতিহ্যবাহী আয়োজনগুলো হারিয়ে যাচ্ছে। এই প্রজন্মকে তাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই আয়োজন। বাচ্চারা যেন এখন থেকেই পিঠার সঙ্গে পরিচিত হতে পারে, বানাতে পারে ও চিনতে পারে। ছোট বেলার গ্রামে পিঠা উৎসব হতো, এটা এখন যেন হারিয়ে না যায়, এই প্রত্যাশা রেখে এই উৎসব। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে।
