ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগ সিজন-২ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয়া ৮টি দলের লড়াই শেষ বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের দেখা মেলে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ফাইনালে সিডি হান্টার্স পাস উইকেটে নিউমার্কেট অ্যাভেঞ্জার্স দলকে পরাজিত করে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগ সিজন-২ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ও প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়ের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসা পরিচালনা পরিষদের সভাপতি ও হোটেল রেড চিলি-ভিআইপির স্বত্ত্বাধিকারী মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বছর ব্যস্ততম সময় পার করে নিউ মার্কেট ব্যবসায়ী ও তাদের মালিক-কর্মচারীদের যৌথ আয়োজনে আজকের এই ক্রিকেট প্রতিযোগিতা এক অনন্য অসাধারণ রূপ লাভ করেছে। একঘেয়েমিতা রোধে ও বিনোদনের অংশ হিসাবে গতবছরের ন্যায় এ টুর্নামেন্ট আয়োজন আগামীতে অব্যাহত থাকবে।
নিউমার্কেট ব্যবসা পরিচালনা পরিষদের সহসভাপতি মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সাবু, তরঙ্গ, কাজল, মুক্তি ও সাগর। অনুষ্ঠিত ছয়টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন মাহিম, শাকিল, লিওন, মাশরুক, সাগর ও হামিদুল। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন নিউ মার্কেট অ্যাভেঞ্জার্সের অধিনায়ক মাহবুবুর রহমান সাগর। এছাড়া সেরা বোলারের পুরস্কার লাভ করে সিডি হান্টার্সের মাশরুক। অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণের পর চ্যাম্পিয়নস ও রানার্স আপ ট্রফি নিয়ে দু-দলের খেলোয়াড়রা ব্যান্ড সংগীতের তালে তালে উল্লাস করেন। চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট প্রিমিয়ার লিগ সিজন-২ এর আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন লিপু, সুজন, নিশান, সজীব রনি, মিলন প্রমুখ।
