ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামে মায়ের ওপর অভিমান করে রেশমা খাতুন (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় তার নিজ ঘর বন্ধ করে ঘাস মারা বিষপান করে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেশমা খাতুন আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের জরিপ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কলেজছাত্রী রেশমার সাথে তার মা সাহেদা খাতুনের মাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। মা বকাবকি করার এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে সে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে সে ঘাস মারা বিষপান করে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রেশমার মা বলেন, ‘আমার মেয়ে সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। অভাবের সংসারে তার লেখাপড়ার খরচ জোগাতে সে নিজেই সেলাই মেশিনের কাজ করে। তাকে মাছ কাটতে বলায় আমার সাথে কথা কাটাকাটি হয়। আমার ওপরে অভিমান করে দূরে চলে গেল।’
