ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও গাঁজাগাছসহ চার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সদর থানা ও দর্শনা থানা পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়ার তৈয়ব আলীর ছেলে মইনুল হোসেন (২৭), আলমডাঙ্গার ভালাইপুর মাঝেরপাড়ার রবিউল ইসলামের ছেলে মানিক হোসেন (২৫), দর্শনা থানার ৬২ আড়িয়া গ্রামের জামাদ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫) ও তিতুদহ বড় সলুয়া গ্রামের নজির ফকিরের ছেলে গাঁজা চাষী হাবিবুর রহমান ওরফে হাবুল (২৮)।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ৬২ আড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই শহিদুল বাশারসহ সঙ্গীয় ফোর্স হিজলগাড়ী-তিতুদাহ সড়ক থেকে আক্তার হোসেনকে আটক করে। এসময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়। গতকালই আক্তারের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এদিকে, গতকাল বেলা সাড়ে চারটার দিকে সদর থানা পুলিশের অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক হোসেন ও মইনুল হোসেন আটক হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর থেকে তাদের আটক করে। আসামিদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এর আগে বেলা পৌনে চারটার দিকে দর্শনা থানা পুলিশের অভিযানে দুটি গাঁজাগাছসহ আটক হন গাঁজা চাষী হাবিবুর রহমান। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তিতুদহ ইউনিয়নের বড় সলুয়া গ্রামের উত্তরপাড়ায় চিত্রা নদীর পাড়ে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ জব্দ করে। পরে গাঁজাচাষী হাবিবুর রহমানকে আটক করা হয়। গতকালই তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
