ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গায় মূল্য-তালিকা না থাকায় এক চাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাশ এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনাকালে চালের দোকানে মূল্য-তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় কোমরপুর গ্রামের শুকুর আলীর ছেলে চাল ব্যবসায়ী হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাশ বলেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর যাচাই করা হয় এবং মূল্য-তালিকা প্রদর্শন না করায় এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
