ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে ঘাস পোড়া বিষ দিয়ে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় সেনেরহুদা গ্রামের পচাকুঁড়ে নামক মাঠে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট এলাকার তারাচাঁদের ছেলে আখের আলী বলেন, ‘আমার লিজকৃত পৌনে ২ বিঘা জমিতে গ্রামের বিভিন্ন কৃষক বোরো ধানের বীজতলা তৈরি করেন। ওই জমিতে আমারও বীজতলা ছিল। দুই একজন বাদে সবাই ধানের চারা তুলে নিজ নিজ জমিতে রোপণ করেছেন। গত শুক্রবার সকালে আমি ধানের চারা রোপণের জন্য বীজতলায় শ্রমিক নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি কে বা কারা আমার বীজতলায় ক্ষতিকারক বিষপ্রয়োগ করে ধানের চারা নষ্ট করে দিয়েছে। এতে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘কোনো উপায়ন্তর না পেয়ে ওইদিনই আমি চারাগুলো জমিতে রোপণ করে ফেলি। শনিবার সকালে জমিতে গিয়ে দেখি বেশিরভাগ চারা বিষের প্রভাবে সুবজ থেকে হলুদ বর্ণ ধারণ করেছে। বাকি চারাগুলোরও হয়তো একই অবস্থা হবে। আমার পৌনে ২ বিঘা জমির ধানই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব বিন সাদেককে জানালে তিনি জীবননগর উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো পরামর্শ দেন।’ সূত্রে জানা গেছে, জমি থেকে ধানের চারা তুলে নিতে বলায় কয়েকদিন আগে একই গ্রামের এক ব্যক্তির সাথে আখের আলীর কথা-কাটাকাটি হয়।
