ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় দিন-দুপুরে মাইক্রোবাসযোগে ছাগল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মন্ডলপাড়া-বিশ্বাস পাড়ার শুকুর আলী বিশ্বাসের ছেলে ও আন্দুলবাড়ীয়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলাহী বিশ্বাসের বাড়ির পার্শ্ববর্তী মেসার্স লতিফ ট্রেডার্সের সরকার বাড়ির গোডাউনের সামনে থেকে ঢাকা মেট্রো-১১-৭১২৬ নম্বর প্লেটের একটি মাইক্রোবাস করে ছাগলটি চুরি করা হয়।
ছাগল মালিক আন্দুলবাড়ীয়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলাহী বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির পার্শ্ববর্তী মেসার্স লতিফ ট্রেডার্সের সরকার বাড়ির গোডাউনের সামনে খাসি ছাগলটি খাবারের খাচ্ছিল। গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে পরিবারের লোকজনসহ সাধারণ মানুষ যখন যোহরের নামাজ পড়ছিল সেই সুযোগে চোর চক্র ছাগলটি চুরি করে পালিয়ে যায়। ছাগলটির আনুমানিক মূল্য ১০-১৫ হাজার টাকা হবে।
উল্লেখ্য, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি চুরি হয়েছে। গত এক সপ্তাহে একের পর এক চুরির ঘটনা ঘটায় এলাকায় এখন চুরি আতঙ্ক বিরাজ করছে। ছাগল চুরির ঘটনাটি লতিফ টেডার্সের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
