ফ্রিজ প্রতীকের রাজ্জাক খানের মিনিস্টার শোরুমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
ফ্রিজ প্রতীকের রাজ্জাক খানের মিনিস্টার শোরুমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ফ্রিজ প্রতীকের রাজ্জাক খানের মালিকানাধীন মিনিস্টার-মাইওয়ানের শোরুমে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব ও ভূমি অধিগ্রহণ) শেখ মো. রাসেল এ অভিযান পরিচালনা করেন। তিনি সেখানে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাননি। তবে অভিযোগ উঠেছে সারাদেশে মিনিস্টারের অফার চললেও চুয়াডাঙ্গা-১ আসন তথা চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় অফারের বিষয়ে অত্যাধিক পরিমাণে বেশি প্রচার করা হয়েছে।

জানাগেছে, স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক খান কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য। তার মালিকানাধীন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মিনিস্টার ফ্রিজের ওপর চুয়াডাঙ্গাসহ দেশব্যাপী ৩৩-৫৩ শতাংশ ছাড় চলছে। সোমবার অতিরিক্ত ক্রেতার ভিড়ের খবর শুনে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার শোরুমে গিয়ে দেখা যায়, সেখানে শতশত নারী-পুরুষ ফ্রিজ কিনতে ভিড় করেছেন। ছাড়ের খবরে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফ্রিজ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপরই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

চুয়াডাঙ্গা শহরের শহিদ আবুল কাশেম সড়কের মিনিস্টার শোরুম সূত্রে জানা গেছে, শুধুমাত্র ফ্রিজের ওপর অফার চলছে। প্রকারভেদে ৩৩, ৪০ ও ৫৩ শতাংশ ছাড়ে তিনটি অপশনে শীতের অফার দেওয়া হচ্ছে। শুধু চুয়াডাঙ্গায় না, দেশব্যাপী এ অফার চলমান রয়েছে। ফ্রিজ কিনতে শোরুমে শতশত নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে। শোরুমে আসা প্রায় অর্ধশত ক্রেতার সাথে সরেজমিনে আলাপ করে দেখা যায়, তাদের প্রত্যেকেরই বাসা চুয়াডাঙ্গা-১ আসনের র্অন্তগত এলাকায়। তবে জীবননগরে বা চুয়াডাঙ্গা-১ আসনের বাইরে ওই প্রতিষ্ঠানের শোরুমে একই দিনে এতো বেশি ভীড় লক্ষ করা যায়নি।

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ গ্রাম থেকে আসা এক নারী বলেন, লোকমুখে শুনে ফ্রিজ কিনতে এসেছি। এখানে প্রকারভেদে ৩৩ থেকে ৫৩ শতাংশ ছাড়ে ফ্রিজ বিক্রি করছে। তাই আমিও ফ্রিজ কিনতে এসেছি। আলমডাঙ্গা উপজেলার পারদুর্গাপুর গ্রামের দিনমজুর ইমাদুল হক বলেন, বিভিন্নজনের থেকে শুনেছি ফ্রিজের ওপর ৫৩ শতাংশ ছাড় দিয়েছে। তাই কিনতে এসেছি। এ বিষয়ে জানতে চাইলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান রাজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট শেখ মো. রাসেল বলেন, আমি শোরুমে গিয়েছিলাম। এখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্ঘের কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জেনেছি দেশব্যাপী অফার চলছে। এটা নির্বাচন-কেন্দ্রিক কোনো অফার না। বিষয়টি আমার সিনিয়রদের জানাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)