ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ডাকবাংলা আইডিয়াল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ স্কুলের উদ্বোধন করা হয়। ডাকবাংলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আমিরুল ইসলাম, সাধুহাটি ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, রিংকু, শ্রী বিমলসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্কুল সম্পর্কে বলেন, দক্ষ শিক্ষকের মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এর পূর্বে প্রধান আতিথিসহ মেধাবী শিক্ষার্থীদের একটি করে ডায়েরি দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের শিক্ষক রুপা খাতুন।
