ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় পাওয়ারট্রিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আইনুল বিশ্বাস (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার সকালে কার্পাসডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আইনুল দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে আইনুল ও একই গ্রামের সিফাত হোসেন (১৭) বিয়ের গাড়ি সাজানোর জন্য মোটরসাইকেলে কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে গিয়েছিল। ফুল কিনে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনুলের বাবা আব্দুল মান্নান বিশ্বাস বলেন, ‘আমার যা যাওয়ার সেই চলে গেছে, তাকে তো আর ফিরে পাবো না। তাই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
